শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন পিরোজপুরের এলিজা জামান

 ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন পিরোজপুরের এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) তিনি নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ২২ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁর মনোনয়ন পাওয়ার বিষয়টি জানানো হয়।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই বছর শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মাদার তেরেসা স্বর্ণপদক দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত নারী আসনে তাঁকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, গত ১ অক্টোবর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনের তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। বুধবার (২৮ অক্টোবর) বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এবং বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আপিল নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে যাচাই-বাছাই শেষে একক বৈধ প্রার্থী থাকলে এবং প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর অন্য কোনো প্রার্থী না থাকলে এলিজা জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top