বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গৌরনদীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সৌদি প্রবাসী মোঃ হুমায়ুন কবিরের আয়োজনে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় গৌরনদী পৌর এলাকার দিয়াশুর বড় বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলোম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক মুসল্লি মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে এম. জহির উদ্দিন স্বপন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আপসহীন এক সংগ্রামী নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”
তিনি আরও বলেন,“দেশ ও জাতির জন্য তার ত্যাগ, নেতৃত্ব ও অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা আজ তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অনুষ্ঠানের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের জন্য দোয়া করা হয়।
স্মরণসভা ও দোয়া মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।