সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন—হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ময়েন আলী।
পুলিশ জানায়, নাশকতা সংক্রান্ত একটি মামলায় তারা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত এবং বুধবার (১৭ ডিসেম্বর) পৃথক সময়ে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইমাম জাফর।
তবে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো সক্রিয় মামলা না থাকলেও শুধুমাত্র আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণেই পুলিশ তাদের গ্রেফতার করেছে।
এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।