বগুড়ার আদমদীঘির সান্তাহারে কুপিয়ে স্ত্রী রাজিয়া সুলতানাকে হত্যার ঘটনায় স্বামী আব্দুর রশিদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাজীপুরের সালনা বাজারের কাঁথারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুর রশিদ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শ্রীকান্দর গ্রামের বদিউজ্জামানের ছেলে।র্যাব জানিয়েছে, আব্দুর রশিদ তার স্ত্রী রাজিয়া সুলতানাকে নিয়ে চা বাগান মহল্লায় ‘মনোয়ারা ভিলা’ নামক একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ওই ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়। তখন আব্দুর রশিদ ধারালো বঁটি দিয়ে স্ত্রী রাজিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্ত্রীর চিৎকারে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। পরদিন সকালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।