চাঁদপুরের হাজীগঞ্জে রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে ১১ কিশোরকে আটক করেছে হাজীগঞ্জ থানা-পুলিশ। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং অভিভাবকদের জিম্মায় দেওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
রোববার (১৮ অক্টোবর) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানা-পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরদের আটক করে।
পুলিশ জানায়, আটকের পর কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতের বেলায় ঘোরাফেরার বিষয়ে তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা ভবিষ্যতে তাদের সন্তানরা রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবে না বলে আশ্বস্ত করেন। পাশাপাশি কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিতে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিশোরদের রাতের বেলায় উদ্দেশ্যহীন ঘোরাফেরা থেকে বিরত রাখা এবং মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হাজীগঞ্জ থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




