দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ দুই সাবেক মেয়রের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ধনতলা এলাকার গ্রামে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ ব্যক্তিরা সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র আসলাম এবং সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনার পরপরই বোচাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
একই সময় সাবেক মেয়র আব্দুস সবুরের বাড়ির একটি ঘরেও আগুন দেওয়া হয়। পরে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. বজলুর রশিদ জানান, রাত ৮টা ২০ মিনিটে খবর পাওয়ার পর সেতাবগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, তদন্ত ছাড়া এই মুহূর্তে আগুন লাগার সঠিক কারণ বলা সম্ভব নয়।
স্থানীয়দের ধারণা, সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক একটি বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদিকে ‘জঙ্গি’ বলে উল্লেখ করার জের ধরে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে।
তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না আগুন কিভাবে লেগেছে।