দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার এর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে।
বিজিবি সূত্র জানায়, গত ২০ ও ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে নাফ নদী সংলগ্ন এসআর খাল, পার্শ্ববর্তী কেওড়া জঙ্গল এবং প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এবং সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত মাদক পাচার সংক্রান্ত সংবাদ আমলে নিয়ে বিজিবি গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।
অভিযান চলাকালে স্থানীয় এলাকাবাসী ও জেলেদের দেওয়া তথ্যে অধিনায়ক ২ বিজিবি’র নেতৃত্বে তিনটি বিশেষ টহল দল দীর্ঘ প্রায় ১২ ঘণ্টা তল্লাশি চালায়। এ সময় এসআর খাল সংলগ্ন হ্যাচারী নামক স্থান থেকে ভোর ৪টা ৪৫ মিনিটে ২ দশমিক ০৬৯ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে পাচারকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকায় পালিয়ে যাওয়ার সময় তাদের কাছে থাকা অবশিষ্ট ইয়াবা নদীতে ফেলে দেয়। স্থানীয়দের সহায়তায় বিজিবি নাফ নদীর তীরবর্তী সাইরান খাল থেকে পানিতে ভাসমান অবস্থায় আরও ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে অভিযানের সময় অজ্ঞাত পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, “সীমান্ত এলাকায় রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি তথ্য দিয়ে সহায়তা করায় স্থানীয় এলাকাবাসী ও জেলেদের ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।