জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সেতু দীর্ঘ ছয় বছর ধরে অকেজো পড়ে থাকলেও তা সংস্কার বা পুনর্নির্মাণে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সংশ্লিষ্ট দপ্তরের চরম গাফিলতি ও উদাসীনতায় দুই পাড়ের হাজারো মানুষ কার্যত জিম্মি হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, মাদারগঞ্জ উপজেলার ৩নং গুনারীতলা ইউনিয়নের এলাকায় অবস্থিত সেতুটি ভেঙে পড়ার পর থেকেই চলাচলের অনুপযোগী। অথচ এই সেতুটি ছিল কয়েকটি গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম। আজ সেই সেতু পরিণত হয়েছে অবহেলা ও ব্যর্থতার প্রতীকে।
সেতুটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না, কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারে নিতে হিমশিম খাচ্ছেন এবং জরুরি রোগী পরিবহন হয়ে উঠেছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে নৌকা কিংবা অস্থায়ী বাঁশের সাঁকোই ভরসা—যা যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দা…. ক্ষোভ প্রকাশ করে বলেন,
“ছয় বছর ধরে শুধু প্রতিশ্রুতি আর প্রতারণা। ভোট আসে, প্রতিশ্রুতি আসে—কাজ আর হয় না।”
আরেক বাসিন্দা…. বলেন,
“এই সেতুর অভাবে আমাদের জীবন থমকে আছে। প্রশাসন যেন আমাদের কষ্ট দেখেও দেখছে না।”
স্থানীয়দের অভিযোগ, একাধিকবার লিখিত আবেদন ও মানববন্ধন হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে জনমনে চরম ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।
এলাকাবাসীর জোর দাবি, দ্রুততম সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত না করলে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন তারা।