টাঙ্গাইলের সখীপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া-কালমেঘা সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়।
নিহত ব্যক্তিরা হলো উপজেলার কালিদাস পালাউল্লাহ পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবির হোসেন (১৬) ও মায়েন উদ্দিনের ছেলে লিখন আহমেদ (১৬) এবং কালিদাস ফুলঝুরি পাড়া এলাকার প্রবাসী আব্দুর রউফের ছেলে সাব্বির হোসেন (২১)। আবির ও লিখন কালিদাস কলতান বিদ্যানিকেতন এর নবম শ্রেণির শিক্ষার্থী ।
জানা যায়, গতকাল সন্ধ্যায় দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেল নিয়ে নলুয়ার দিকে যাচ্ছিল। বেলতলী এলাকায় এলে সাব্বিরের মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবির হোসেন ঘটনাস্থলেই মারা যায়। লিখন ও সাব্বিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা পাঠানো হয়। ঢাকা নেওয়ার পথে মির্জাপুরের গোড়াই এলাকায় লিখন এবং গাজীপুরের বোর্ডবাজার এলাকায় সাব্বির মারা যায়। এ ঘটনায় সাব্বিরের মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাঁদের টাঙ্গাইল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
একই গ্রামের তিনজনের মৃত্যুতে নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।