গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ছাপড়হাটী ইউনিয়নের মরুয়াদহ বাগানের ঘাট আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক বলেন, একটি মহল ধর্মীয় ইবাদতকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে, যা কখনোই জনগণের কল্যাণ বয়ে আনবে না। এ ধরনের অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলায় ধানের শীষের প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মীসভায় আরও বক্তব্য রাখেন ছাপড়হাটী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এফ. আই. জাহাঙ্গীর মন্ডল, যুগ্ম আহ্বায়ক শাহ আলম বিএসসি,সদস্য সচিব মোকলেছুর রহমান মুকুল, উপজেলা তাঁতীদলের সদস্য সচিব ফিরোজ কবির,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,ছাপড়হাটী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেজা,ছাত্রদলের সভাপতি মানিক মিয়া, তাঁতীদলের সাধারণ সম্পাদক নয়ন প্রমুখ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আগামী নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।