জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার সভাপতি মুফতী আবদুর রহীম ফারুকীর সঙ্গে দায়িত্বশীলদের মতবিনিময়
আলহামদুলিল্লাহ, দ্বীন ইসলাম, দেশপ্রেম, নৈতিকতা ও পরশুরামের সামগ্রিক উন্নয়ন ভাবনা নিয়ে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার কয়েকজন দায়িত্বশীল ও স্থানীয় ইসলামী চিন্তাবিদদের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার সম্মানিত সভাপতি মুফতী আবদুর রহীম ফারুকী হুজুরের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করা হয়। আলোচনায় দ্বীনি মূল্যবোধ, দেশপ্রেম, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বে নৈতিকতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
এ সময় বক্তারা বলেন, পরশুরামকে একটি আদর্শ ও নৈতিক সমাজ হিসেবে গড়ে তুলতে হলে দ্বীন ইসলামকে ব্যক্তি ও সমাজ জীবনের কেন্দ্রবিন্দুতে রাখতে হবে। পাশাপাশি দেশপ্রেম ও জনগণের কল্যাণমূলক চিন্তা নিয়ে নেতৃত্বে আসতে হবে যোগ্য ও চিন্তাশীল মানুষদের।
মুফতী আবদুর রহীম ফারুকী হুজুর তার বক্তব্যে উম্মাহর ফিকির ও পরশুরামের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তার কথা তুলে ধরেন। তিনি বলেন, আলেম সমাজকে সমাজ সংস্কার ও নেতৃত্বে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তিনি আন্তরিকতার সাথে সবাইকে ন্যায়, সততা ও আমানতদারির পথে কাজ করার আহ্বান জানান।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ পরশুরাম উপজেলা শাখার বাইতুল মাল সম্পাদক তরুণ আলেম মাওলানা ক্বারী সাইদুর রহমান আশরাফী এবং গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তরুণ আলেম হাফেজ মাওলানা মুফতী ফরিদুদ্দীন ফরহাদ।
সভায় বিশেষভাবে উল্লেখ করা হয় যে, মাওলানা সাইফুল ইসলাম ও হাফেজ মাওলানা মুফতী ফরিদুদ্দীন ফরহাদ আগামী দিনে জনপ্রতিনিধি হিসেবে মেম্বার পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। উপস্থিত সবাই তরুণ, চিন্তাশীল ও নৈতিক নেতৃত্বের প্রতি তাদের আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা বলেন, সমাজে দুর্নীতি বন্ধ করতে হলে কেবল অভিযোগ নয়, বরং সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জনগণ ভালো হলে এবং জনপ্রতিনিধিরা যদি দেশপ্রেমিক ও ইসলামপ্রেমিক হন, তাহলে ইনশাআল্লাহ দুর্নীতি অনেকাংশে কমে আসবে।
শেষে দেশ, জাতি ও পরশুরামের কল্যাণ কামনা করে সকলের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।