1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরাকে অতিরিক্ত জনসমাগমে পিছিয়ে গেল খামেনির দাফন সুরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন

২৩ মাস পর শুরু হল যমুনা সারকারখানার উৎপাদন

মোঃ শাকিল খান 
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর পুনরায় গ্যাস সংযোগে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত উপমহাদেশের বৃহত্তম দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সারকারখানা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে পূর্ণমাত্রায় উৎপাদন কার্যক্রম শুরু হয় কারখানাটিতে। বিষয়টি নিশ্চিত করেছেন সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন।

কারখানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যমুনা সারকারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে নেয়। এর ফলে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ সময় ধরে কারখানাটি অচল অবস্থায় পড়ে থাকে। উৎপাদন বন্ধ থাকায় একদিকে যেমন জাতীয় সার সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ে, তেমনি কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতেও বিরূপ প্রভাব সৃষ্টি হয়।

যমুনা সারকারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ আলোচনা ও প্রক্রিয়া শেষে চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ প্রদান করে। গ্যাস সরবরাহ নিশ্চিত হওয়ার পরপরই কারখানা কর্তৃপক্ষ উৎপাদন শুরুর প্রস্তুতি গ্রহণ করে।

তিনি আরও জানান, দীর্ঘ সময় বন্ধ থাকায় কারখানার বিভিন্ন ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসব ত্রুটি ধাপে ধাপে মেরামত ও প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। সব ধরনের প্রস্তুতি শেষ করে ২৩ ডিসেম্বর ২০২৫ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন চালু করা হয়। পরে বিকেল ৫টার দিকে কারখানাটি পূর্ণমাত্রায় উৎপাদনে ফিরে আসে।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত যমুনা সারকারখানা দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৭০০ মেট্রিক টন। বর্তমানে কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। উৎপাদন পুনরায় শুরু হওয়ায় কৃষকদের মধ্যে সার সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা সংশ্লিষ্টদের।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com