নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাগলার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ থেকে ১০ জন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন আলাউদ্দিন (৪০)। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। বাকি চারজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, জাগলার চরের জমি সরকারিভাবে এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। এ সুযোগে বিভিন্ন সময় একাধিক গ্রুপ জমি দখল ও বিক্রির চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে সামছু গ্রুপ ও আলাউদ্দিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ শুরু হলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। গুরুতর আহত আলাউদ্দিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।