মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত এক যৌথ কম্বিং অপারেশনে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার লঞ্চঘাট, রসূলপুর, চরকিশোরগঞ্জ, মেঘনা নদীর মোহনা, চর ঝাপটা ও ষাটনলসহ তৎসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার (৪ জানুয়ারি ২০২৬) বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে ওইসব এলাকা থেকে প্রায় ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ৫০টি অবৈধ চায়না দুয়ারী জাল, ৯৪ হাজার ৫০০ মিটার চরঘেরা জাল এবং ৫ হাজার ৬০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল।
পরবর্তী সময়ে গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত সব অবৈধ জাল বিধি অনুযায়ী ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, মেঘনা নদীর মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মাছ শিকার বন্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।