আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে অন্তর্ভুক্তির প্রতিবাদে নির্যাতিত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।
রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পিরোজপুর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রিয়াজ। তিনি বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের নির্যাতনে বিএনপির নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমাতে পারেননি। আমাদের অনেক ভাই তাদের নির্যাতনে প্রাণ হারিয়েছেন, শহীদ হয়েছেন। অনেকেই পরিবার ও আপনজন হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমাদের অনেকেই বাবা-মায়ের জানাজায় অংশ নিতে বাড়িতে যেতে পারিনি। প্রতিটি নির্যাতিত কর্মীর রক্তের দাগ এখনো নির্যাতনকারীদের হাতে লেগে আছে। সেই রক্তের দাগ শুকানোর আগেই কিছু অসাধু উপায়ে আওয়ামী লীগের দোসরদের বিএনপিতে যোগদান করানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক।”
রেজাউল হক রিয়াজ অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসরদের দলে দলে বিএনপিতে ঢোকানো হচ্ছে। আমাদের শরীরে যতক্ষণ রক্ত প্রবাহিত থাকবে, ততক্ষণ এই অন্যায় আমরা মেনে নিতে পারি না।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ নেছার, পিরোজপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর হোসাইনসহ জেলা ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।