সিরাজগঞ্জ জেলার দুটি আসন থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন বলে জানা গেছে। তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এম এ মুহিত।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। অন্যদিকে, এম এ মুহিত টেলিযোগাযোগ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।
জেলায় রাজনৈতিক অঙ্গনে এ খবরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়রা আশা করছেন, মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, অতীতে সিরাজগঞ্জ থেকে একাধিক ব্যক্তি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করলেও একই সময়ে একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পাওয়ার ঘটনা এবারই প্রথম বলে জানা গেছে।