যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউন থেকে ৭৭টি নতুন আমেরিকান মোটরসাইকেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার দুপুরে পরিচালিত অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ-এর নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি (তদন্ত) সুজন কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে থেকে জানা যায়, যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ৩ নম্বর ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়িতে অবস্থিত একটি গোডাউনে। কয়েকদিন আগেও সেখানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছিল। সেসময় মালিকপক্ষ তিন দিনের সময় নেয় প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপনের জন্য।
রোববার পুনরায় অভিযান চালিয়ে দেখা যায়, গোডাউনে আমেরিকান ইউএন কোম্পানির মোট ৭৭টি সম্পূর্ণ নতুন মোটরসাইকেল মজুদ রয়েছে। তবে গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু মোটরসাইকেলগুলোর রেজিস্ট্রেশন, আমদানি সংক্রান্ত অনুমোদন বা অন্য কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এদিকে মোটরসাইকেলগুলোর মালিক হিসেবে পরিচিত আবু সাঈদ সাবু অসুস্থতার কথা জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হননি। পরে তিনি ১০ দিনের সময় প্রার্থনা করেন। পরিস্থিতি বিবেচনায় ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন এবং মোটরসাইকেলগুলো জব্দ অবস্থায় সেখানেই রাখার সিদ্ধান্ত নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বৈধ কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হলে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো সরকারের হেফাজতে নেওয়া হবে।
এই ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।