জামালপুরের পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে কপিল উদ্দিন (৬৪) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার (২৩ ফেব্রুয়ারি ২৯২৬) দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কপিল উদ্দিন পিয়ারপুর ডাকঘরের ঘাগুরি গ্রামের মৃত লেহাজ উদ্দিনের ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কপিল উদ্দিন জন্মগতভাবে মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কানেও কম শুনতেন। সোমবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইন ধরে পিয়ারপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, নিহতের কাছে থাকা প্রতিবন্ধী কার্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে তিনি নিয়মিত সরকারি ভাতা পেতেন। শারীরিকভাবে অসুস্থ ও শ্রবণশক্তি ক্ষীণ হওয়ায় তিনি ট্রেনের শব্দ টের পাননি বলে ধারণা করা হচ্ছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা ও প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।






