নিহত মিম আক্তার (২৫) কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের মৃত নান্নু হাওলাদারের মেয়ে। তার স্বামী রিয়াদ খান সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে তাদের বিয়ে হয়। এরপর তারা শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার ভোরে মিমের মৃত্যুর বিষয়টি তার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
নিহতের চাচা মো. খবির হাওলাদার বলেন, ভাতিজির মৃত্যুর সঠিক কারণ উদঘাটন ও দোষীর শাস্তি চান তারা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।