ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ মাদক প্রবেশ এবং এলাকায় চলমান কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি মাদক ও চোরাচালান বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।
আবেদনে তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের আমল থেকে কসবা উপজেলার বায়েক ও কাইমপুর ইউনিয়ন এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ, মোগড়া, আখাউড়া দক্ষিণ ও উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বিভিন্ন পথ দিয়ে সীমান্ত রক্ষীবাহিনীর নজর এড়িয়ে প্রতিনিয়ত ভারত থেকে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের ভয়ংকর মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। সীমান্ত এলাকায় কিছু চিহ্নিত চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এমপি মুশফিকুর রহমান কসবা-আখাউড়া সীমান্ত পথে মাদক চোরাচালান জরুরি ভিত্তিতে বন্ধে কঠোর নজরদারি বৃদ্ধি, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অন্যদিকে, তিনি অপর এক চিঠিতে কসবা-আখাউড়া নির্বাহী অফিসারগণদের নির্দেশপ্রদান করে উল্লেখ করেন, বিগত সরকারের আমল থেকে কসবা-আখাউড়া এলাকায় একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ফসলি জমি ও নদী থেকে অবৈধভাবে ড্রেসিং পদ্ধতিতে বালু উত্তোলন করে আসছে। ফলে একদিকে যেমন ফসলি জমির উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে তেমনি অন্যদিকে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরের বাঁধ ভেঙে বসতবাড়ি ও কৃষিজমি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কসবা-আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারকে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেছেন।
মুশফিকুর রহমান এমপি এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানান এবং এবিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সীমান্তে মাদক, চোরাচালান এবং ফসলি জমি ও নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধ ও অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা পেয়েছি। নির্দেশনার আলোকে এসব অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আজকে থেকে কার্যক্রম শুরু করবে উপজেলা প্রশাসন।