সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সণ্জয় ঘোষ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সমাজের সর্বস্তরে নারীর সমান অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নারীর শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিভিন্ন উন্নয়ন সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে। তারা বলেন, নারীরা আজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই নারীদের প্রতি সহিংসতা বন্ধ করে তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল। তিনি বলেন, কৃষি খাতে নারীর অংশগ্রহণ ক্রমেই বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতিতে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নারীদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করলে তারা কৃষি উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি অবদান রাখতে পারবেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমদ তার বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।
ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার সুমন রুরাম বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার তার বক্তব্যে বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করতে সামাজিক সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। নারী উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করা দরকার।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবল কবীর। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, উন্নয়নকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শেষে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা ও সমতার সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।