বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ ইফতার মাহফিল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, “আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে। সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চাঁদপুরকে একটি উন্নত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।”
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল হোসেন, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। মানুষের কল্যাণের জন্যই আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন। কুরআন মানুষকে সঠিক পথের দিশা দেয় এবং জীবনের প্রতিটি বিষয়েই কুরআনের দিকনির্দেশনা রয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোহাইল আহমাদ চিশতি। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আনম নুরুর রহমান মাদানী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. সালেহ আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন চৌধুরী, বিএনপি নেতা ফেরদৌস আলম বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, হারুন আর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।