মৌলভীবাজার, ১২ মার্চ ২০২৬ : মৌলভীবাজার জেলায় ১ হাজারের অধিক ছোট নদী ও খাল রয়েছে। ১৩৩টি খাল ও নদীর হিসাব ওরা কোথা থেকে পেলো? আমার পলকি নদী কোথায়? কুশিয়ারা থেকে কাউয়াদিঘি হাওরে প্রবেশ করা রত্না নদী গেল কই? যে নদী ও খালগুলোর অস্তিত্ব এখনো বহমান এগুলো বাদ দিয়ে দায়সারা ধরনের নদী-খালের তালিকা তৈরি করার জন্য তো আপনারা দায়িত্ব পালন করছেন না। সততার সাথে, প্রয়োজনীয় পরিশ্রম করে দায়িত্ব পালন না করলে আপনাদেরকে রাষ্ট্র বেতন দিচ্ছি কেন? এসিল্যান্ড গণ আরও দায়িত্বশীল ভূমিকা পালন না-করলে, জেলা প্রশাসন আরও যত্নবান না-হলে ইতিপূর্বে পাহাড়ে ও হাওরে যেভাবে ১ লাখ ২০ হাজার একর সরকারি ভূমি/জলাভূমি যেভাবে দুষ্টচক্ররা দখল করে নিয়েছে, সরকারী সম্পত্তি ব্যক্তির নামে চলে গেছে — একইভাবে বাকি নদী ও খালগুলোও হারিয়ে যাবে। তালিকায় তথ্য গোপন করা আর সরকারি সম্পদের মালিকানা হাতছাড়া করা সমান ব্যাপার। এটা অন্যায় এবং দায়িত্বে অবহেলার সামিল। দায়িত্বশীলদের প্রতি অনুরোধ তালিকা সংশোধন করুন, হাওর-নদী-খাল-বিল-পাহাড় তথা পরিবেশ সুরক্ষায় মনযোগ বাড়ান।
আ স ম ছালেহ সোহেল এর সভাপতিত্বে ও এম খছরু চৌধুরীর সঞ্চালনায় মাহে রামাদ্বানের ইফতার পার্টী উপলক্ষে আয়োজিত আলোচনা এই কথাগুলো বলেছেন বক্তারা।
খ্যাতনামা জিন বিজ্ঞানী অধ্যাপক ড. আবেদ চৌধুরী বলেন, “ড্রোন ক্যামেরা দিয়ে নদীগুলোকে সনাক্ত করতে হবে। সরকার ও প্রশাসন চাইলে এ কাজে আমরা সহযোগিতা করতে পারি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। হাওর রক্ষার নেতাদের সহযোগিতায় ‘আপ মৌলভীবাজার UpMoulvibazar’ হোয়াটসঅ্যাপ গ্রুপ ওপেন করা হবে। জেলার সমাজ সচেতন, পরিবেশ সচেতন সবাই এর সদস্য হবেন। আমরা এ জেলার উন্নয়নের জন্য কাজ করব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ব্রিটিশ খ্যাতনামা সাহিত্যিক জিয়া হায়দার রহমান (সিলেটি অরিজিন), ডাঃ এম এ আহাদ, অধ্যাপক মো. সেলিম মিয়া, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ নেতা ও আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, নারী নেত্রী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন, সিলেট এর সহ-সভাপতি মোহাম্মদ আবুল ফজল প্রমুখ।
শুভেচ্ছা ও সংহতি বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক নেতা সরওয়ার আহমদ, হাওর রক্ষা আন্দোলনের অন্যতম নেতা মো. খায়রুল ইসলাম, মৌলভীবাজারস্থ কুলউড়া সমিতির সম্পাদক ও সহকারী অধ্যাপক কাজল দেব, ছাত্র নেতা রাজীব সূত্র ধর এবং দর্শকদের উদ্দেশ্যে ম্যাজিক প্রদর্শন করেন ম্যাজিক মোহন।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, ন্যাপ নেতা সৈয়দ আব্দুল মোতালিব রঞ্জু, সিপিবি নেতা জহুর লাল দত্ত, সাংবাদিক নুরুল ইসলাম, আব্দুর রব, তুহিন জুবায়ের, সাহিত্যিক সৈয়দ কামাল আহমদ, মহিদুর রহমান, কবি মুজাহিদ আহমদ, এডভোকেট বনমালী নন্দী, সমাজসেবী সাম্মির হাবিব চৌধুরী রবিন ও অন্যান্য বিশিষ্ট জন সহ হাওর রক্ষা আন্দোলন বিভিন্ন উপজেলা থেকে আগত দুই শতাধিক উপস্থিত নেতা-কর্মী নিয়ে হাওর সুরক্ষার দোয়া করেন হাওর রক্ষা আন্দোলনের সংগ্রামী নেতা মাওলানা মোহাম্মদ আলমগীর হোন।
তিনি তাঁর দোয়াতে হাওর রক্ষা আন্দোলনের প্রয়াত নেতা গজনফর আলী চৌধুরী, সিরাজ উদ্দিন আহমদ বাদশা, কমরেড সৈয়দ আবু জাফর আহমদ, মাওলানা বয়তুল হোসেন, আব্দুল হান্নান, জবান মিয়া, চেরাগ আলী চৌধুরী-সহ সকল মুরদেগানের জন্য মাগফেরাত কামনা করেন।।