চাঁদপুর সদরের দুর্গাপুর ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী জৈনপুর এক্সপ্রেস বাস রাস্তার পাশে চলে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর ব্রিজ থেকে নামার পর দ্রুতগতিতে চলা জৈনপুর এক্সপ্রেস বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। ব্রিজ থেকে নামার সময় চালক বাসের নিয়ন্ত্রণ ঠিকভাবে রাখতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
এদিকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। এ সময় মহাসড়কে যাত্রীবাহী বাসের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে যানবাহনের চাপও। ফলে সামান্য অসাবধানতা বা অতিরিক্ত গতির কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বাস মালিক ও চালক সমিতির প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন পরিবহন চালানোর ক্ষেত্রে নির্ধারিত গতিসীমা মেনে চলা হয় এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।
তারা বলেন,
“মানুষ ঈদের আনন্দে প্রিয়জনের টানে বাড়ি ফিরছে। কেউ যেন তাড়াহুড়া বা বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার শিকার হয়ে পরপারে না যায়। সকল চালকের কাছে অনুরোধ—গতি নিয়ন্ত্রণে রেখে সতর্কতার সঙ্গে গাড়ি চালান।”
এদিকে যাত্রীদের প্রতিও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালালে প্রতিবাদ করা এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।
সবশেষে সবাইকে জানানো হয়েছে অগ্রিম ঈদ মোবারক এবং সকলের যাত্রা নিরাপদ ও শুভ হোক—এই কামনা করা হয়েছে।






