বাগেরহাটের মোংলা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মোংলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শারমিন আক্তার সুমী স্মৃতিসৌধে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নওসীনা আরিফ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিশু-কিশোরদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজনে: উপজেলা প্রশাসন, মোংলা।