1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে আরও হেনস্তার শিকার হতে হবে: রাশেদ খান

তুলি দেবরায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ঝিনাইদহে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত শিবির জড়িত।

‘নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক জোকার। তিনি প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের রাজনীতির জন্য কলঙ্ক’-বলেন তিনি।

পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ বলেন, রাজনৈতিক শিষ্ঠাচার ভুলে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর অমানুষের মতো আজেবাজে কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া ছাড়া উপায় নেই। নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই ক্ষমতায় আসতে পারবে না। তারা স্বাধীনতা বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। তারা বিএনপি সরকারকে পতনে ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এ অপশক্তিকে দেশের মানুষ গ্রহণ করবে না।

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com