সাতক্ষীরার শ্যামনগরে ভাঙন কবলিত খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত ১০টা পর্যন্ত খোলপেটুয়া নদীর শ্যামনগরের বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক আনোয়ার জাহিদ ও কনস্টেবল শাহিন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন জানান, বর্তমানে শ্যামনগরে কোনো বৈধ বালুমহাল নেই। এরপরও কিছু ব্যক্তি ইজারা ছাড়াই ভাঙনকবলিত খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ অবস্থায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে রাতভর অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, নদী রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
