1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

হাটে গরু বাঁধা নিয়ে সংঘর্ষ, মারধরে প্রাণ গেল ব্যবসায়ীর

তুলি দেবরায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ায় পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে কথাকাটাকাটির জেরে শহীদুল্লাহ কায়সার (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাট কর্তৃপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পশুর হাটে এ ঘটনা ঘটে। নিহত শহীদুল্লাহ কায়সার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে। তিনি স্থানীয়ভাবে ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নিহতের স্বজনরা জানান, কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে ১৮টি গরু নিয়ে শহীদুল্লাহ কায়সার, তার ভাই ও ভাগ্নে পাড়াগ্রাম হাটে যান। রাত পর্যন্ত ১৪টি গরু বিক্রি হলেও বাকি চারটি গরু নিয়ে তারা হাটে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি এসে তাদের নির্ধারিত স্থানে গরু বাঁধতে চাইলে বাধা দেন শহীদুল্লাহর ভাগ্নে ফিরোজ কবির। এতে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে হাট কর্তৃপক্ষের লোকজন ও অজ্ঞাত কয়েকজন মিলে ফিরোজের ওপর হামলা চালায়।

স্বজনদের অভিযোগ, ভাগ্নেকে রক্ষা করতে এগিয়ে গেলে শহীদুল্লাহ কায়সারকেও বেধড়ক মারধর করা হয়। হামলার সময় গরু বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তারা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাজী রেজাউল ইসলাম বলেন, পশুর হাটে মারধরের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা সেখান থেকেই নেওয়া হবে।

এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com