নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে ২০ (বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই খুচরা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (০৪ জুলাই, ২০২৬) বিকেলে উপজেলার ঘোষনগর ইউনিয়নের নোধুনী গ্রামস্থ জনৈক মোঃ লোকমান মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
মোঃ ছায়ফুল ইসলাম (৪২): পিতা- নুর মোহাম্মদ, গ্রাম- দেশ খিরসিন, থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁ।
মোঃ আনোয়ার হোসেন (৩৮):পিতা- মৃত বাবর আলী, গ্রাম- হরিরামপুর (ঈদগাহপাড়া), থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ।
> পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানা পুলিশের একটি চৌকস দল নোধুনী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে তল্লাশি করা হলে তাদের হেফাজত থেকে ২০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতরা মূলত খুচরা মাদক ব্যবসায়ী। এরা স্থানীয় মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থেকে খুব সহজেই প্রান্তিক পর্যায়ের সেবনকারীদের হাতে মাদক পৌঁছে দিত। যার ফলে সমাজের তরুণ ও যুবসমাজ আশঙ্কাজনকভাবে মাদকের দিকে ঝুঁকছে এবং একটি ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ছে। মাদকের এই বিস্তার রোধে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার সচেতন মহল পুলিশের এই মাদকবিরোধী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।
মো:আফজাল হোসেন উপজেলা প্রতিনিধি, পত্নীতলা।