জুলাই গণঅভ্যুত্থানের পর আন্দোলনের সম্মুখসারির অধিকাংশ ছাত্রনেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও সেই পথে হাঁটেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। কেন তিনি এনসিপিতে যোগ দেননি—গণমাধ্যমের করা এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান ও সিদ্ধান্তের কারণ বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাতকারে তিনি বলেন, এখনই এমপি বা মন্ত্রী হতে হবে, তেমন কোনো চিন্তা আমার নেই। জুলাইয়ের আগে যা বলতাম, তা করতাম। এখনকার রাজনীতিতে দায়বদ্ধতার ব্যাপারটা খুবই খেলো হয়ে গেছে। মুখে যা বলছি, কেউ সেটা কাজে করছি না। সে জন্য আমি কোনো কিছুতে জড়াইনি।
আবদুল কাদের বলেন, আমাকে এনসিপিতে যোগ দিতে বলা হয়েছিল। জানতে চাইলাম, আমার দায়িত্ব কী হবে। তারা আমাকে আমার আসন গোছাতে বললেন। আসন গোছানোর রাজনীতি আমি করতে চাইনি। এনসিপির সমস্যা হচ্ছে, সেখানে দায় নিতে হবে, কিন্তু কাজ করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, মূলধারার ও বিভিন্ন বামপন্থি দলও আমাকে ডেকেছে। কিন্তু রাজনীতিতে এখন কোনো আশা দেখছি না। তাই আপাতত কোথাও যোগ দিচ্ছি না।
পরিবার ও রাজনীতি নিয়ে তিনি বলেন, আমি পরিবারের বড় সন্তান, আমার দুই ছোট ভাই আছে। কিন্তু কখনো পরিবারের দিকে তাকানো হয়নি। আমার বাবা পেশায় দারোয়ান। মা খুব অসুস্থ। কিছুদিন আগে নানু মারা যাওয়ার পর উপলব্ধি হয়েছে, এখন পরিবারকে সময় দেব। আমি রাজনৈতিক মানুষ। রাজনীতি অবশ্যই করব। আপাতত বিরতি নিয়েছি।