ট্রান্সফরমার চুরির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার, এবার দল থেকেও বহিষ্কার

জামালপুরের মাদারগঞ্জে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত রাসেল মিয়া মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় রাসেলসহ পাঁচজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ বুরহানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাসেল মিয়াকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে রাসেল মিয়াকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক ও ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী, বীর নাদাগাড়ীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাসেল মিয়াসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত ২ জুলাই থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে মাদারগঞ্জ জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকা থেকে ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ছয়টি, আগস্টে ১৭টি এবং সেপ্টেম্বরের প্রথম পাঁচ দিনে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া ট্রান্সফরমারগুলোর বেশিরভাগই বালিজুড়ী ও জোড়খালী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে চুরি করা হয়েছে। এসব ট্রান্সফরমারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ টাকা।

রাসেল মিয়াকে বহিষ্কারের বিষয়ে মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, “দলীয় শৃঙ্খলাবিরোধী ও ফৌজদারি অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার পরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়-এমন কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না।”

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top