জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

জনতা ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতের নামে থাকা দুটি ফ্ল্যাটসহ ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ২৯ লাখ টাকা মূল্যের গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আবাসন প্রকল্পে বিনিয়োগকৃত আড়াই লাখ টাকা ও মোহাম্মদপুর ও ধানমণ্ডিতে থাকা পৃথক দুটি ফ্ল্যাট রয়েছে। এছাড়া তার নামে থাকা ২৯ লাখ টাকা মূল্যের কারসহ ব্যাংক হিসাবে থাকা অর্থ অবরুদ্ধ করা হয়েছে।

এ দিন দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিরাজ এ আবেদনটি করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, ড. আবুল বারকাতের বিরুদ্ধে বিভিন্ন কম্পানিকে অবৈধভাবে ঋণ প্রদানপূর্বক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানকালে, অভিযোগ সংশ্লিষ্ট আবুল বারকাতের নিজ নামে ৪৯ লাখ ৬১ হাজার ৩৮৪ টাকার স্থাবর সম্পদ এবং তিন কোটি ৫০ লাখ ৩১ হাজার টাকা ও ১০ হাজার ২৫০ মার্কিন ডলারের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে জানা যায়, তিনি স্থাবর, অস্থাবর সম্পদগুলো বিক্রি, স্থানান্তর করার চেষ্টা করছেন। অভিযোগ নিষ্পত্তির আগে অর্জিত অবৈধ সম্পত্তিগুলো হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর/বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে।

সম্পত্তিগুলো জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক।

উল্লেখ্য, ২০২৫ সালের ১০ জুলাই ঢাকার ধানমণ্ডির বাসা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার হন। পরবর্তীতে দুদকের মামলায় জামিন পেলে তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে এই মামলায় জামিনে তিনি কারামুক্ত হন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top