শীতের আগমনকে স্বাগত জানিয়ে জামালপুরের বকশীগঞ্জে গারো হিলস রানার্স কমিউনিটির উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় উপজেলার লাউচাপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনটি শুরু হয়। দৌড়টি বৈষমপাড়া হয়ে সিলেট রোড অতিক্রম করে পুনরায় লাউচাপড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
‘Run for Health, Run for Hills, Run for Jamalpur’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ম্যারাথনে জামালপুর, শেরপুর ও ময়মনসিংহ অঞ্চলের দৌড়বিদরা অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, তরুণদের দৌড় ও খেলাধুলায় উৎসাহিত করা এবং জামালপুরের গারো পাহাড় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে সুস্থ জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি জামালপুরের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা দেশজুড়ে তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ক্রীড়া ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।




