তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব নিয়ে প্রেস কাউন্সিলের সেমিনার

 
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য এবং গণমাধ্যমের নৈতিক মানদণ্ড নিয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন—সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সেমিনারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান ও তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী।
সেমিনারে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে সংবাদ সংগ্রহ ও প্রকাশের আগে তথ্যের সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা, সাংবাদিকতার নৈতিক নীতিমালা অনুসরণ এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়বদ্ধতার মধ্যে সমন্বয়, সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা, সংবাদ প্রকাশে সতর্কতা এবং জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও নৈতিক সাংবাদিকতা চর্চার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
মতবিনিময় পর্বে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের বিভিন্ন অভিজ্ঞতা, পেশাগত চ্যালেঞ্জ এবং সংশ্লিষ্ট বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
এর আগে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। প্রশিক্ষক ও রিসোর্স পারসন প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর ও তেঁতুলিয়া ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তেঁতুলিয়া প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। 
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সেমিনার ও মতবিনিময় সভা স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গণমাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চর্চাকে আরও শক্তিশালী করবে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top