বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের যৌথ ও পৃথক উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হয়।
বিকেলে উপজেলা বিআরডিবি মাঠে উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাগেরহাট জেলা যুবদলের সাবেক সহ-সমন্বয়ক মো. শামীম হোসেন টিটোর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মেহেদী হাসান।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলী আজিম বাবুল ও সদস্যসচিব বি. এম. রেজাউল করিম সোহাগের পরিচালনায় সভায় যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। আয়োজকেরা জানান, সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুবদলের ভূমিকা আরও জোরদার করতেই এ উদ্যোগ।
অন্যদিকে, একই দিন বেলা ১১টায় পৌর যুবদলের উদ্যোগে নব্বইরশী বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টি পৌর পার্কে গিয়ে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ ও শহিদুজ্জামান মিঠু।
এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ডালিম মুন্সী ও জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতা মেরাজুল ইসলাম খসরু, বদিউজ্জামান মহারাজ, পৌর শ্রমিক দলের নেতা মশিউর রহমান জুয়েল, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা খানম ও তাসলিমা আক্তার রিপাসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের পাশাপাশি আগামী দিনে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং জনকল্যাণমূলক কাজে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



