কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হাসমাতুল্লাহ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্তবর্তী ফারিরবিল এলাকার মিজানের ঘেরের পূর্ব পাশে বেড়িবাঁধ থেকে তাঁকে আটক করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। তাঁকে চ্যালেঞ্জ করা হলে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
পরবর্তী সময়ে তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচ কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হাসমাতুল্লাহ উখিয়ার ১২ নম্বর এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




