মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ব্রিকস নামের একটি ইটভাটা সিলগালা থাকার পরও সেখান থেকে ইট বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুর-কাশিমপুর এলাকায় অবস্থিত মেসার্স রাবেয়া ব্রিকসের স্বত্বাধিকারী হিসেবে মুসলেউদ্দিন সাইফুল্লাহর নাম উল্লেখ করা হয়েছে। ইটভাটাটির সাবেক মালিক ও ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাহির বাবু মেম্বার বর্তমানে পলাতক রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৪ সালে রাজনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে ইটভাটাটি সিলগালা করেন। তবে সিলগালা করা ওই ইটভাটা থেকে ইসলামপুর এলাকার উজ্জ্বল ও আকল মিয়া ইট বিক্রি করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়া ইট বিক্রির রসিদ দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হলেও অনেক ক্রেতা এখনো তাদের পাওনা ইট বুঝে পাননি বলে অভিযোগ উঠেছে। এতে কয়েকজন ব্যক্তি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।
এ অবস্থায় সিলগালা করা ইটভাটা থেকে কীভাবে ইট বিক্রি হচ্ছে, কারা এর সঙ্গে জড়িত এবং ইট বিক্রির নামে অর্থ লেনদেনের বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে রাজনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। তাঁরা দ্রুত সরেজমিন তদন্ত, সিলগালা অক্ষত আছে কি না তা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




