কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জেলে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১টার দিকে সাগরে মাছ ধরার প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
নিহত মো. হোসেন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকায় বসবাস করতেন।
আহত জেলেরা হলেন আবুল কালাম (৩০), আবুল কাসিম (২৪), ওসমান (২৫), শফি আলম ও হামিদুল হক। তাঁরা সবাই টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার বাসিন্দা।
নৌকার মাঝি হামিদুল হক জানান, সোমবার (২ নভেম্বর) দুপুরে তাঁরা ছয়জন টেকনাফ সদর মেরিন ড্রাইভসংলগ্ন উত্তর লম্বরী নৌকাঘাট থেকে মাছ ধরতে সাগরে যান। মঙ্গলবার রাত ১টার দিকে জাল ফেলে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাত তাঁদের নৌকায় আঘাত হানলে মো. হোসেন গুরুতর আহত হন। আহত হন নৌকায় থাকা অন্য পাঁচ জেলেও।
নৌকার মালিক আবদুল আমিন জানান, বজ্রপাতে মো. হোসেনের বাম হাতে আঘাত লাগে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশাদ আলম কানন জানান, বজ্রপাতে আহত এক জেলেকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত অন্য পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, টেকনাফের সাগরে বজ্রপাতে সেন্টমার্টিনের এক জেলের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। নিহতের স্বজনেরা টেকনাফে আসছেন। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হবে।




