হ্নীলা সীমান্তের ধানখেতে ১১ লাখ ইয়াবা, আটক ২

 কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তসংলগ্ন একটি ধানখেত থেকে ১১ লাখ পিস ইয়াবা ও পাঁচটি দেশীয় তৈরি বড় রামদা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় সন্দেহভাজন অন্য কয়েকজন পালিয়ে যান।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের আঠারো ঘরপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন নাইখংখালী এলাকার মো. আবছার উদ্দীন (১৯) ও মৌলভী বাজার এলাকার মো. আদিল (২৬)।

এসআরবি-১৫ সূত্রের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের একটি দল জানতে পারে, সীমান্ত দিয়ে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। এরপর সহকারী পুলিশ সুপার সোহেল রানার নেতৃত্বে অভিযানিক দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

একপর্যায়ে সন্দেহভাজন ৯ থেকে ১০ জনের গতিবিধি পর্যবেক্ষণের পর অভিযান চালানো হয়। এতে দুজনকে আটক করা সম্ভব হয়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও পাঁচটি বড় রামদা উদ্ধার করা হয়।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে অভিযানসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top