পিরোজপুরের নাজিরপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টায় নাজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যসচিব আবু হাসান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ খান, বিএনপি নেতা টিপু হাজরা ও মো. রফিকুল ইসলাম ফরাজী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক অনুপ কুমার সিকদার এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হোসেন।
সভায় গত ১৫ নভেম্বর উপজেলার মালিখালী ইউনিয়নে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ইউনিয়ন কার্যালয়সহ কয়েকটি দোকান ও বসতবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
সভায় স্থানীয় বাসিন্দারা তাঁদের বিভিন্ন সমস্যা ও উদ্বেগের কথা তুলে ধরেন। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী অগ্নিকাণ্ড ও হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




