খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় ০৮ কিলোমিটারের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বাবুছড়া সড়কে দৌড় শুরু হয়ে ০৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দীঘিনালা সদরের সিএন্ডবি মাঠে এসে শেষ হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে শুরু হওয়া এ ম্যারাথনে অংশ নেন শতাধিক প্রতিযোগী। নির্দিষ্ট সময়ের মধ্যে ১০ জন প্রতিযোগী দৌড় শেষ করেন।
দীঘিনালা সরকারি কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুহৃদ চাকমা। দ্বিতীয় হন রুবেল আলী এবং তৃতীয় স্থান অর্জন করেন শামীম ফরহাদ।
এর আগে বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে ম্যারাথন দৌড়ের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মন্টু বিকাশ চাকমা। এ সময় তিনি ম্যারাথনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ম্যারাথন স্থানীয় জনসাধারণের মাঝে সামাজিক এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দীঘিনালা সরকারি কলেজের সহকারী অধ্যাপক দীলিপ কান্তি চৌধুরী, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম ভুঁইয়া প্রভাষক মোঃ দুলাল হোসেন, শরীরচর্চা শিক্ষক ফিলোলজিস্ট চাকমা, প্রভাষক রুপন চাকমা, প্রভাষক নবারুন চাকমা, প্রভাষক বিশ্বমিত্র চাকমাসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।