আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উপজেলার প্রতিটি হাট-বাজার, মহল্লার অলিগলি, রাস্তার পাশের গাছে গাছে ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের রং-বেরঙের ছবিযুক্ত ব্যানার, ফেস্টুন, লিফলেট। পাশাপাশি প্রার্থীরাও নেমে পড়েছেন প্রচারনায়। সাধারণ মানুষের পাশে গিয়ে দাড়াচ্ছেন, তাদের দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
এবারের নির্বাচনে এখন পর্যন্ত অন্তত ৬জন প্রার্থীর প্রচার প্রচারনা চোখে পড়ছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুল হক খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা এস এম আমিনুল ইসলাম রতন, উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: ইব্রাহিম মিয়া, জাজিরা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আবদুল হক কবিরাজ, ইতালি আওয়ামী লীগের সভাপতি মো: ইদ্রিস ফরাজি এবং জাজিরা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান নান্নু মাদবর।
তবে প্রার্থী যারাই হোক সাধারন মানুষ চায় একটি সুস্থ্য সুন্দর এবং পরিচ্ছন্ন প্রতিদ্ধন্দিতাপূর্ন নির্বাচন। মে মাসে হতে যাওয়া পাঁচ ধাপের উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে হওয়ার সম্ভাবনা আছে জাজিরা উপজেলা পরিষদ নির্বাচন।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন এবং প্রতীক না থাকায় নির্বাচন খুবই জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছে উপজেলার সাধারণ জনগণ।