রংপুরের মিঠাপুকুরে ১ হাজার ৬১৫টি নিষিদ্ধ পপি গাছ ( কোকেন ও হেরোইন তৈরির উপাদান) উদ্ধারসহ ২ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিঠাপুকুর অফিস সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন, মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের হাছিয়া ছড়ান গ্রামের আবুল কাশেমের পুত্র নুর আলম (৪৩)ও আব্দুল আজিজ মিয়ার পুত্র আব্দুল ওয়াহেদ মিয়া(৬৩)।সূত্র জানায়, বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা ও হাছিয়া ছড়ান দুই প্রত্যন্ত এলাকায় গোপনে তিন কাঠা জমিতে নিষিদ্ধ পপি গাছ ( কোকেন ও হেরোইন তৈরির উপাদান) চাষ করে আসছিল ওয়াহেদ ও নুর আলম। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পপি গাছগুলো উদ্ধার করে। এসময় পপি গাছ চাষী আব্দুল ওয়াহেদ ও নুর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় নাম প্রকাশে অনি”ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এই নিষিদ্ধ পপি গাছ এর চাষ প্রতিরোধে গ্রেফতারকৃতদের কাছ থেকে চারা/বীজ সংগ্রহসহ চাষবাদ পদ্ধতি দাতা চক্রকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে এর বিস্তার আরো বৃদ্ধি পাবে। ফুলের গাছের মত দেখতে নিষিদ্ধ এই পপি গাছ উপজেলার আরও কোথাও চাষ হচ্ছে কিনা তা অনুসন্ধানে উপজেলার সম্ভাব্য স্থান সমূহসহ ফুলের নার্সারীগুলোতে অনুসন্ধান অভিযান চালানো দরকার বলে তারা মনে করেন।