1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে ছুটি বা লিখিত অনুমতি ছাড়াই একাধিকবার বিদেশ ভ্রমণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মালয়েশিয়া, চীন, নেপাল ও মালদ্বীপসহ বিভিন্ন দেশে ভ্রমণের কারণে তিনি দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকেন। এতে নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্র ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউপি সদস্য রফিকুল ইসলাম সবুজ বিভিন্ন সময়ে একাধিক দেশে ভ্রমণ করেছেন। তবে এসব বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লিখিত অনুমতি নেওয়া হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিদেশে অবস্থানকালে অনেক সময় তার সঙ্গে যোগাযোগও করা যায় না।

সেবাপ্রত্যাশীদের অভিযোগ, একজন নির্বাচিত জনপ্রতিনিধি দীর্ঘ সময় এলাকায় অনুপস্থিত থাকলে স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটে। বিশেষ করে নাগরিক সনদ, ওয়ারিশ সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ ইউনিয়ন পরিষদের নানা কাজে ইউপি সদস্যের স্বাক্ষর বা সহযোগিতার প্রয়োজন হয়। কিন্তু প্রয়োজনের সময়ে তাকে এলাকায় না পাওয়ায় অনেককে বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

মো. সজীব মিয়া নামে এক সেবাপ্রত্যাশী বলেন, “জরুরি একটি কাজের জন্য ইউপি সদস্যের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি। পরে তার বাড়িতে গিয়ে জানতে পারি, তিনি বিদেশে ভ্রমণে গেছেন।”
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সেবাপ্রত্যাশীও একই ধরনের অভিযোগ করেন। তাদের ভাষ্য, বিভিন্ন প্রয়োজনে ইউপি সদস্যের স্বাক্ষর কিংবা সহযোগিতা দরকার হলেও সময়মতো তাকে পাওয়া যায় না। এতে গুরুত্বপূর্ণ কাজ বিলম্বিত হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে।

(‘অনুমতি প্রয়োজন, তা জানতাম না’)

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ বলেন, “আমি দেশ-বিদেশে ভ্রমণে থাকাকালে কোনো নাগরিক আমাকে ভোগান্তির কথা জানাননি। আমি একাধিকবার বিভিন্ন দেশে ভ্রমণ করেছি। তবে বিদেশ যেতে অনুমতি নেওয়ার প্রয়োজন রয়েছে, সেটা আমি জানতাম না।”

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মিন্টু কুমার আচার্য বলেন, “ইউপি সদস্য একাধিকবার বিভিন্ন সময় দেশে-বিদেশে ভ্রমণ করেছেন। তিনি কোনো নিয়মের তোয়াক্কা করছেন না। প্রায়ই বিভিন্ন দেশে ভ্রমণে চলে যান। এতে নাগরিকরা ভোগান্তির শিকার হচ্ছেন।”

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক বলেন, “রফিকুল ইসলাম সবুজ একাধিকবার বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। এ বিষয়ে আমার কাছে কোনো অনুমতি নেননি। অনেক নাগরিক এতে ভোগান্তিতে পড়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।”

(তদন্তের আশ্বাস ইউএনওর)

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, “আমি বিষয়টি শুনেছি। কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বিদেশ ভ্রমণে গেলে সাধারণত লিখিত অনুমতি নিতে হয়, এটাই বিধান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও অভিযোগ)

এদিকে সরকার পতনের পর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে প্রায় এক বছর আত্মগোপনে থাকলেও ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী নেওয়ার অভিযোগও রয়েছে রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, তিনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয় ভূমিকা পালন করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রফিকুল ইসলাম সবুজের বিভিন্ন দেশ ভ্রমণের ছবি ও লাইভ সম্প্রচারের তথ্য রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এসব ছবি ও ভিডিও ঘিরে তার বিদেশ ভ্রমণের অনুমতি এবং দীর্ঘ সময় দায়িত্ব পালনে অনুপস্থিত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

(ভ্রমণ ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন)

সচেতন নাগরিকদের কেউ কেউ বলছেন, একজন ইউপি সদস্যের নিয়মিত আয় ও সম্মানীর তুলনায় একাধিক বিদেশ ভ্রমণের ব্যয় এবং এসব সফরের অর্থের উৎসও খতিয়ে দেখা প্রয়োজন। তাদের দাবি, বিদেশ ভ্রমণের অনুমতি, দায়িত্ব পালনে অনুপস্থিতি, সম্মানী গ্রহণ এবং বিদেশ সফরের অর্থের উৎস—সব বিষয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্ত করা হোক।

তদন্তে কোনো অনিয়ম বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com