চলতি বছর প্রথমবারের মতো অবশেষে কারাবন্দী স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
রাওয়ালপিন্ডিয়ার আদিয়ালা কারাগারে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সঙ্গে মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরান খানের সাক্ষাৎ হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে।
পিটিআইয়ের অভিযোগ, দীর্ঘ নয় মাস ধরে পরিবার ও দলের লোকজনের সঙ্গে ইমরান খানের কোনোভাবে দেখা করার সুযোগ মিলছিল না। এরপর গতকাল দেশটির সুপ্রিম কোর্ট ইমরান খানের সঙ্গে সাপ্তাহিক সাক্ষাৎ করতে দিতে নির্দেশ দেন।
২০২৩ সাল থেকে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে আছেন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান বর্তমানে আল-কাদির ট্রাস্ট মামলায় ১৪ বছরের সাজা ভোগ করছেন। এ ছাড়া বুশরা বিবিও জেলে বন্দী রয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর প্রথমবারের মতো নোরিন নিয়াজি ১৫ মিনিটের জন্য তার ভাই ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন।
সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, কারাগারের কনফারেন্স রুমে ইমরান খানের সঙ্গে তার বোন নোরিন নিয়াজি দেখা করেছেন। সেখানে তিনি তার স্বাস্থ্য ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করেছেন।
নোরিন এর আগে ইমরান খানকে জানান যে, তাকে কারাগার থেকে শিফা আন্তর্জাতিক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
এ ছাড়া প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার জেলের কনফারেন্স রুমে কারাবন্দী বুশরা বিবিও তার পরিবারের সঙ্গে দেখার করার সুযোগ পেয়েছেন।
কারাগার সূত্র এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, ইমরান খানের সঙ্গে বুশরা বিবির সাক্ষাৎ এদিন ৩০ থেকে ৩৫ মিনিট স্থায়ী হয়েছিল। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিন সন্তান মুসা এবং মুবাশারা মানেকার সাথেও দেখার করার সুযোগ পেয়েছেন বুশরা বিবি। তাদের সঙ্গে ৪০ মিনিট ধরে তিনি কথা বলতে পেরেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।