অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বিএনপির, নাসিরনগরে বিক্ষোভ-সমাবেশ

 দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সকালে নাসিরনগর কলেজ মোড় থেকে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংসদ সদস্য এম এ হান্নান। প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট এবং দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে। তিনি নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।
প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ।
সভাপতির বক্তব্যে এম এ হান্নান বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ভীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে। দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যেকোনো অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও বদ্ধপরিকর।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ও মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শামীম মোল্লা, প্রচার সম্পাদক মোহাম্মদ মাজিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী।
কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল ও শ্রমিক দলসহ জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বিএনপির, নাসিরনগরে বিক্ষোভ-সমাবেশ

 দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ

Scroll to Top