চট্টগ্রাম নগরীতে অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পাচারের এক অভিনব কৌশল ভেস্তে দিয়েছে পুলিশ। রোগী পরিবহনের আড়ালে প্রায় ১ লাখ ৫ হাজার পিস ইয়াবা বহনের সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার ব্রিকফিল্ড রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার আলীপাড়া এলাকার শহিদুল ইসলাম খান সাগর (২৭) এবং তার সহযোগী মো. আফসার (৩৩)।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সে করে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে— এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালালে এর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানটি পরিচালনা করেন পাথরঘাটা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাজী মনিরুল করিমসহ কোতোয়ালী থানা পুলিশের একটি দল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফতাব উদ্দিন বলেন, “অ্যাম্বুলেন্সকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চালানটি জব্দ করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।


