আমতলী বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন খান এর অক্লান্ত প্রচেষ্টায় বিদ্যালয়ের গুনগত মান সর্বোচ্চ শিখরে পৌছে গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আমতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম শহিদুল্লাহ, ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন সেন্টার, আমতলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীনুর আক্তার, সভাপতি, এডহক কমিটি, অত্র বিদ্যালয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি এ কে এম শহিদুল্লাহ বলেন, প্রাথমিক শিক্ষা হলো শিক্ষাজীবনের ভিত্তি। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।
সভাপতির বক্তব্যে শাহীনুর আক্তার বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী আমতলী মফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এম এ হান্নান, অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।