কক্সবাজারের আলোচিত ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালা এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. ইমাম হোসাইন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে এসআরবি-১৫ সদর ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালায়। এ সময় হাসনাকাটা সবুজ বাংলা যুব সমাজ কার্যালয়ের সামনে থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ইমাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ইমাম হোসাইন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামের পাহাড়ি এলাকায় সংঘটিত আলোচিত ডাকাতির ঘটনায় তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



