কাঠালিয়ায় ওসির বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

ঝালকাঠির কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের সাধারণ মানুষ। তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

আজ সকাল ১০টায় রাজাপুর-কাঠালিয়া সড়কে কাঠালিয়া থানার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপি, মহিলা দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান। তাঁদের দাবি, ওসি আবু নাছের রায়হান কাঠালিয়া থানায় দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন পরিচিত ও প্রিয় মানুষ হয়ে উঠেছিলেন। যেকোনো সমস্যা কিংবা বিচারপ্রার্থী মানুষ তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারতেন এবং নিজেদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরার সুযোগ পেতেন।

মানববন্ধনকারীদের আরও দাবি, তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে এলাকার মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে স্বস্তিতে ছিলেন। সাধারণ মানুষের সঙ্গে সহজে মেশা, সবার কথা শোনা এবং আইনগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার কারণে স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি আস্থা ও গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এ কারণে তাঁর বদলির খবরে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে বলে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান।

বক্তারা বলেন, একজন পুলিশ কর্মকর্তার সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক ও সরাসরি যোগাযোগের সুযোগ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাই স্থানীয় মানুষের প্রত্যাশার বিষয়টি বিবেচনায় নিয়ে ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ পুনর্বিবেচনা করা প্রয়োজন। তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তাঁরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নেহার খানম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, আমুয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিমা ফেরদৌস, আওরাবুনিয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রী লাকি বেগম এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়ামিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি শাহেলি পারভিন, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, কাঠালিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান বাদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তাঁরা ওসি আবু নাছের রায়হানের বদলির আদেশ প্রত্যাহার এবং তাঁকে কাঠালিয়া থানায় বহাল রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তাঁদের এ দাবি সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বদলির আদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন—এমন প্রত্যাশা তাঁদের।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top